কুকুরকে নদীতে ফেলে হত্যা-01034-NewsEdge24

গলায় ইট বেঁধে একটি কুকুরকে নদীতে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে ঘটনাটি জানতে পেরে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ভিডিওটি দেখে প্রধানমন্ত্রী গভীরভাবে ব্যথিত ও বিচলিত হয়েছেন। তিনি বলেন, সভ্য সমাজে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর ও অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাটি ঘটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায়। স্থানীয় যুবক মোহাম্মদ আলী কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন। কুকুরটি ছটফট করতে করতে ডুবে মারা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযুক্ত মোহাম্মদ আলীকে ধরে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে আসা হয়। সেখানে শত শত মানুষের সামনে তাকে ‘আমরা মানুষ, যেন পশু না হই’ বলিয়ে কান ধরে ওঠবস করানো হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত

অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামে এক নারী কুকুরের উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এ কাজে প্ররোচিত করেন। মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শাহীন আরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *